২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সংস্করণ

৪৩ দিনেই সরকারের ব্যাংকঋণ ৪১ হাজার কোটি টাকা, বাড়ছে অর্থনৈতিক চাপ

রাসেল আহমেদ(ডেস্ক রিপোর্ট)

দেশের অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে সরকারের দ্রুত ঋণগ্রহণের প্রবণতা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষমতায় আসার মাত্র ৪৩ দিনের মধ্যে সরকার ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। আর জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসেই মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকায়।

অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, স্বল্প সময়ে এমন বিপুল ঋণগ্রহণ অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ সংকেত বহন করে। রাজস্ব আয়ে বড় ঘাটতি এবং পরিচালন ব্যয় মেটাতে সরকারের এই ঋণনির্ভরতা ক্রমেই বাড়ছে।

গবেষণা সংস্থার রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ হেলাল আহমেদ জনি বলেন, “নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। অভ্যন্তরীণ বিনিয়োগ শক্তিশালী হলে কর্মসংস্থান বাড়বে এবং বৈশ্বিক চাপ মোকাবিলা সহজ হবে।” তিনি সতর্ক করে বলেন, কোনোভাবেই যেন দেশ ঋণের ফাঁদে না পড়ে—এটি নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে, ব্যবসায়ী মহল এই ঋণ বৃদ্ধিকে মিশ্র সংকেত হিসেবে দেখছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, “ব্যাংকঋণের দ্রুত বৃদ্ধি একদিকে অর্থনীতিতে তারল্য বাড়ালেও অন্যদিকে মুদ্রাস্ফীতি, সুদের হার বৃদ্ধি এবং খেলাপি ঋণের ঝুঁকি বাড়াতে পারে। তবে এই ঋণ যদি উৎপাদনমুখী খাতে ব্যবহার করা হয়, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হতে পারে।”

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “বর্তমান সরকার একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং বিনিয়োগ স্থবিরতার কারণে অর্থনীতি এখনো স্থিতিশীল নয়। এই বাস্তবতায় ঋণ নেওয়া ছাড়া বিকল্প কম।”

বিশ্লেষকরা জানান, চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই সরকারের ব্যাংকঋণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭১ হাজার কোটি টাকায়।

অর্থনীতিবিদদের মতে, ঋণের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তাই এখনই কার্যকর সংস্কার ও রাজস্ব আহরণ বাড়ানোর ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

এপ্রিল ১২, ২০২৬