টি এম সিদ্দিক(মাদারীপুর)
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, “রাজপথ অস্থিতিশীল করে নতুন করে ফিরে আসার জন্য কর্মসূচি দিয়ে লাভ নেই। বাংলাদেশের রাজনীতিতে আপনারা আর সফলতা আনতে পারবেন না, সেই সুযোগ আপনাদের নেই, বাংলাদেশের জনগণ আপনাদের গ্রহণ করবে না।”
শুক্রবার বিকেলে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাঁশগাড়ী নয়াকান্দি এলাকায় খাল খনন শেষে রাস্তার দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরও বলেন, “খাল খনন শেষে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা বাঁশগাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে গেলাম। এখানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করার নির্দেশ আছে, অলরেডি গাছ লাগানো অনেকটা হয়ে গেছে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও তাঁর উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি বাংলাদেশে শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা মাদারীপুর-৩ আসনে তার সে নির্দেশনা পালন করব। পাশাপাশি আমাদের ব্যক্তিগত ও দলীয় উদ্যোগেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।”
এ সময় উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
