১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ও ৫৫ হাজার টাকা জরিমানা

(নিজস্ব প্রতিবেদক)নরসিংদী

জাতীয় সম্পদ রক্ষা ও অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে নরসিংদীর শিবপুর ও মাধবদী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে একাধিক অবৈধ গ্যাস সংযোগ, অনিবন্ধিত চুলা এবং অননুমোদিত বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে দুই মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে শিবপুর ও মাধবদী এলাকার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে শিবপুর মডেল থানা সংলগ্ন এলাকায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাধবদী এলাকায় একই আইনে আরও একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন জানায়, জরিমানার পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ, অনিবন্ধিত চুলা এবং অননুমোদিত বাণিজ্যিক সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, যাতে জাতীয় গ্যাসের অপচয় ও অবৈধ ব্যবহার বন্ধ করা যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব বলেন, “জাতীয় সম্পদ চুরি করে অবৈধভাবে গ্যাস ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ প্রভাব খাটিয়ে বা অবৈধভাবে গ্যাস ব্যবহার করলে তাকে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

এ সময় জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।

জুলাই ২২, ২০২৬