রিপোর্টর রাসেল আহমেদ:
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার-এর আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়। পরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ বিকল্প জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান—এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈরি আবহাওয়ার সম্ভাবনা মাথায় রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে পরিবারের সদস্যদের নিয়ে প্রধান জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
