১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সংস্করণ

কানে হেডফোনে ফুটবল খেলা দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাসেল আহমেদ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্ধনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রুবেল কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। হেডফোন ব্যবহারের কারণে তিনি ট্রেনের হুইসেল শুনতে পাননি। এ সময় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, কানে হেডফোন লাগিয়ে মোবাইলে ফুটবল খেলা দেখার কারণে রুবেল ট্রেনের হুইসেল শুনতে পারেননি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জুলাই ১৪, ২০২৬